
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত নিউজিল্যান্ড দল। এবার অনুশীলনে সতীর্থ ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছেন ব্যাটার ডেভন কনওয়ে। পরীক্ষায় তাঁর কনকাশন ধরা পড়েছে। ফলে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে হেনরির সঙ্গে ধাক্কা লাগে কনওয়ের। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দুর্ঘটনার পরপরই দুজনকে চিকিৎসা দেওয়া হয় এবং মাথায় আঘাতের পরীক্ষা করা হয়।
হেনরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, কনওয়েকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর কনকাশন নিশ্চিত হয়।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, দুই খেলোয়াড়ের অবস্থার ওপর নজর রাখা হবে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁদের খেলার বিষয়ে যথাসময়ে জানানো হবে।
উল্লেখ্য, চোট কাটিয়ে সম্প্রতি দলে ফিরেছেন হেনরি। ডান উরুর পেশিতে হালকা চোটের কারণে ভারতের বিপক্ষে শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি তিনি।
এদিকে, ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ডের চোটের তালিকায় রয়েছেন আরও দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান। আর কাঁধের চোটের কারণে দলের বাইরে রয়েছেন রাচিন রবীন্দ্র।
এমন চোটের ধাক্কা সামলে আগামীকাল বুধবার ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ১০, ১৩ ও ১৫ নভেম্বর। ওয়ানডে সিরিজ শেষে দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার