
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি পাথরশ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২১ নভেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাঁকে আটক করেন বিএসএফ সদস্যরা।
আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শাহরিয়ার স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর সংগ্রহ করতে যান। একপর্যায়ে পাথর আনতে গিয়ে সহযোগীদের সঙ্গে তিনি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
এদিকে শাহরিয়ারের বাবা মনির মিয়ার দাবি, তাঁর ছেলে কানে কম শোনেন। শনিবার সকালে তাঁকে হাদারপার বাজারের একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে তিনি পাথর সংগ্রহ করতে মরকিটিলা এলাকায় চলে যান। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ। তিনি বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাঁকে আটক করেছে। তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার