
সৌদি আরবের মক্কায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বা পরে বাংলাদেশকে অবহিত করা হয়নি বলে জানা গেছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা হলেন নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার।
গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর বাংলাদেশ বিষয়টি জানতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের আগে কিংবা পরে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে গত বৃহস্পতিবার জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
দুই বাংলাদেশির সৌদি আরবে অবস্থানের ধরন ও মেয়াদ, মামলার বিচারপ্রক্রিয়া এবং তাঁদের পক্ষে আইনি সহায়তা নেওয়া হয়েছিল কি না—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাঁদের আপিল করার সুযোগ দেওয়া হয়েছিল কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য নেই।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কোন পরিস্থিতিতে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বিচারপ্রক্রিয়ায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার পরই ঘটনার বিস্তারিত জানা যাবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার