
আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর বিক্ষোভে নেমেছেন শ্রমিকেরা। সোমবার (২৩ নভেম্বর) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে নেমে আসেন। এ সময় আশপাশের চালু কারখানার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও মারধরের অভিযোগ ওঠে। তবে আন্দোলনরত এক নারী শ্রমিক এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, পুলিশই তাদের ওপর হামলা চালিয়েছে।
শ্রমিকদের দাবি, নিম্নতম মজুরি ঘোষণা নিয়ে সরকার ও মালিকপক্ষের গড়িমসির কারণে তারা আন্দোলনে নেমেছেন। দ্রুত নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান তারা।
এদিকে শ্রমিকদের কর্মবিরতির কারণে সোমবার আশুলিয়ার ২০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, চলমান শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে রোববার (২২ নভেম্বর) শ্রমিকদের কর্মবিরতির কারণে ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে সেদিন সড়ক অবরোধ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেনি।
শিল্প পুলিশ জানিয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতির উন্নতি হলে বন্ধ ও ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা কমতে পারে বলে আশা করছে পুলিশ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার