
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে দেখতে মধ্যরাতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর ছাপাখানাগুলোতে আকস্মিকভাবে যান তিনি। পরিদর্শনের সময় বইয়ের কাগজ, ছাপা ও বাঁধাইয়ের মান সরাসরি পরীক্ষা করেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি বইয়ের বান্ডিল থেকে নমুনা কপি সংগ্রহ করে সেগুলোর গুণগত মানও খতিয়ে দেখেন।
এ সময় সংশ্লিষ্টদের মানসম্মত পাঠ্যবই মুদ্রণ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (টেক্সট) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু জানান, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণের কাজ পুরোদমে চলছে। আগামী ১ জানুয়ারি ‘বই উৎসব’-এ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্যেই নির্ধারিত সময়ের আগেই বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এনসিটিবির তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি পাঠ্যবই ছাপানো হবে। এ জন্য সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৯০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৩২৮ টাকা।
এর মধ্যে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি এবং ইবতেদায়ি প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি বই ছাপানো হচ্ছে।
মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ছাপানো হবে প্রায় ১৮ কোটি বই। এর মধ্যে নবম শ্রেণির জন্যই রয়েছে ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই প্রস্তুত করা হচ্ছে।
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যসূচিতে কয়েকটি নতুন বিষয়ও যুক্ত হয়েছে। চতুর্থ শ্রেণির জন্য ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’ বিষয়ের নতুন বই ছাপানো হচ্ছে।
এ ছাড়া পরিমার্জিত ও সংশোধিত বইও নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে প্রস্তুতি নিয়েছে এনসিটিবি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার