
রাজধানীর যানজট কমাতে মহাখালী বাস টার্মিনালে অলস পড়ে থাকা বাসগুলো পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তরের কার্যক্রম শুরু করেছে সরকার। তবে সংশ্লিষ্টদের মতে, ডিপোর অবকাঠামো এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। আপাতত পূর্বাচলের ৩ নম্বর সেক্টরের সড়কে বাসগুলো রাখা হচ্ছে।
১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। মহাখালী থেকে পর্যায়ক্রমে অলস বাস সরিয়ে নেওয়া হচ্ছে, যাতে টার্মিনাল এলাকায় যানজট কমে এবং সড়কে যান চলাচল আরও স্বাভাবিক হয়।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, এটি স্থায়ী টার্মিনাল স্থানান্তর নয়। শুধুমাত্র অলস বা আইডল বাসগুলো অস্থায়ীভাবে পূর্বাচলে রাখা হচ্ছে। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ ডিপোটি পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পরিদর্শক ওমর ফারুক জানান, মহাখালী এলাকায় রাতের বেলায় চলাচলকারী অনেক বাস দিনের বেলায় সড়কে দাঁড়িয়ে থাকত, যার কারণে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হতো। এসব বাস ডিপোতে সরিয়ে নেওয়ার ফলে সড়কে যান চলাচল আগের তুলনায় স্বাভাবিক হয়েছে।
তথ্য অনুযায়ী, মহাখালী বাস টার্মিনালে প্রায় দেড় হাজার বাস রয়েছে। এর মধ্যে প্রায় ৯০০টি নিয়মিত চলাচল করলেও বাকি বাসগুলো দীর্ঘ সময় অলস অবস্থায় টার্মিনাল ও আশপাশে পার্কিং করা থাকে। এসব বাস সরিয়ে নেওয়ার মাধ্যমে টার্মিনালের ভেতরে চলাচলকারী বাসগুলোর জন্য পর্যাপ্ত জায়গা তৈরি হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টদের মতে, পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে রাজধানীর যানজট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর কার্যকারিতা নির্ভর করবে পূর্বাচল ডিপোর পূর্ণাঙ্গ অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকল্পনার যথাযথ বাস্তবায়নের ওপর।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার