
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। তাঁদের মধ্যে ১৯ জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ৩০ নভেম্বর মামলার রায়ের দিন ধার্য রয়েছে।
মঙ্গলবার ১৫ আসামির মধ্যে সাবেক এডিসি জাফর আলমসহ পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, সাবেক ডিসি মো. রুহুল আমিনসহ ১০ জন আদালতে অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
যেভাবে আত্মসাতের অভিযোগ
মামলার নথি অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমির ওপর প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের সময় চিংড়িঘের, ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতিপূরণ হিসেবে ২৩৭ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।
অভিযোগে বলা হয়, এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। পরে বিভিন্ন কৌশলে ওই অর্থের মধ্য থেকে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাৎ করা হয়।
মামলার পটভূমি
এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক এডিসি (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেন।
দুদকের তদন্তে ৩৬ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে ২০১৭ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে আদালত ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার