
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বর্জনের প্রতিক্রিয়ায় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। বিএনপিকে এ কঠিন সত্যটা মেনে নিতে হবে।’
বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রে বিশ্বাস থাকলে নির্বাচিত প্রতিনিধির প্রতি সম্মান দেখানো উচিত। যারা অনুষ্ঠান বর্জন করেছেন, তাদেরও জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পরও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে ওঠেনি। সবার জন্য বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য পূরণ না হলে আন্দোলনের মূল উদ্দেশ্য প্রশ্নের মুখে পড়ে।
রুমিন ফারহানা জানান, ৫ আগস্টের আগে তিনি সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। সে সময় তার বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করা হয় এবং তার বিরুদ্ধে ১০টি মামলাও করা হয়েছিল, যার মধ্যে হত্যা মামলাও ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন রুমিন ফারহানা। নির্বাচনের আগে তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
অন্যদিকে, অনুষ্ঠানে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম বলেন, রুমিন ফারহানা প্রশাসনের আমন্ত্রণে উপস্থিত থাকলেও দল থেকে বহিষ্কৃত হওয়ায় বিএনপি অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয়।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার