
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভাইন কাভা জানান, ‘টুয়েন্টিওয়ান এয়ার’-এর ফ্লাইট ৭৯৫৮ প্রাইম এয়ারের হয়ে পরিচালিত হচ্ছিল। পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে আসা বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে বাইরে চলে যায়।
এ সময় বিমানটি একাধিক যানবাহনে ধাক্কা দিলে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ।
মায়ামি-ডেড ফায়ার রেসকিউ প্রধান রে জাদ্দাল্লাহ জানান, দুর্ঘটনায় মোট ১০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৬০টির বেশি ইউনিট অংশ নেয়।
দুর্ঘটনার পর মায়ামি বিমানবন্দরে আগত ফ্লাইটগুলোর জন্য গ্রাউন্ড স্টপ জারি করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। একই সঙ্গে বিমানবন্দরের সব রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। অ্যামাজন কর্তৃপক্ষও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার