
যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলীয় খার্গ দ্বীপ দখলের চেষ্টা করলে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের শীর্ষ নেতৃত্ব মার্কিন স্থল অভিযানের সম্ভাবনার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
সোমবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি খার্গ দ্বীপ দখলের উদ্দেশ্যে কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তাদের কঠিন জবাব দেওয়া হবে।
ইসমাইল বাঘেই আরও জানান, ইরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় রয়েছেন এবং তাদের ভাষায়, মার্কিন বাহিনীর আগমন ঠেকাতে ও মোকাবিলা করতে ‘মিনিট গুনছেন’।
পারস্য উপসাগরে বুশেহর প্রদেশ থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এটি দখলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বলে দাবি করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে ইরান তার সর্বোচ্চ সামরিক সক্ষমতা ব্যবহার করবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে খার্গ দ্বীপকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: আল জাজিরা
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার