
মেরুদণ্ডের সমস্যার উন্নত চিকিৎসা নিতে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার (১১ নভেম্বর) সেখানে তাঁর মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লুৎফুজ্জামান বাবর।
পারিবারিক ও দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের কারণে তিনি মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনির সমস্যা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। কারাগার থেকে মুক্তির পর দেশে নিয়মিত চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা ১১ নভেম্বর তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচারের দিন নির্ধারণ করেন।
অস্ত্রোপচারের আগে নিজের নির্বাচনী এলাকার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর সর্বস্তরের মানুষ, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবর। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। দেশে নিয়মিত চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে বুধবার তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার হবে।
তিনি আরও বলেন, বাবর যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে মানুষের সেবা করতে পারেন, সে জন্য তাঁরা দোয়া করছেন এবং দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার