
বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত এই অর্থের বাইরে কোনো রিক্রুটিং এজেন্সি অতিরিক্ত টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে আগামী সপ্তাহের মধ্যে দেশটিতে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ায় শৃঙ্খলা আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগের আওতায় প্রাথমিক পর্যায়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্মীদের বিদেশে পাঠানোর পর চাকরি নিশ্চিত করার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো কর্মী মালয়েশিয়ায় যাওয়ার পর কাজ না পেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিকে শাস্তির মুখোমুখি হতে হবে।
সংশ্লিষ্টদের মতে, অভিবাসন ব্যয়ের নির্দিষ্ট সীমা কার্যকর এবং সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম বাস্তবায়ন করা গেলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ অনেকটাই কমবে। একই সঙ্গে বিদেশে গিয়ে প্রতিশ্রুত কাজ না পাওয়ার মতো ভোগান্তি কমাতেও এসব উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার