
এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের কমিটির কাছে জবানবন্দি দেওয়ার পর এসব তথ্য জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক।
তিনি জানান, ঘটনার রাতেই তাঁরা নুসরাত তাবাসসুমের বাড়িতে পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। একইভাবে বাড়িটিতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি দেখা যায়নি।
তোজাম্মেল হকের ভাষ্য, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে সাধারণত বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ দুটির কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। এ কারণে তাঁদের পর্যবেক্ষণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার দুপুরের পর থেকে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বক্তব্য নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। ওই কমিটির কাছেই নিজের পর্যবেক্ষণ তুলে ধরে জবানবন্দি দেন তোজাম্মেল হক।
উল্লেখ্য, শুরু থেকেই নুসরাত তাবাসসুম দাবি করে আসছেন, শর্ট সার্কিট থেকে তাঁর বাড়িতে আগুন লাগেনি। তাঁর অভিযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার