
টলিপাড়ায় আবারও জোর গুঞ্জন—বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের শেষেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন দুই বাংলার দর্শকের পরিচিত এই অভিনেত্রী।
‘বোঝে না সে বোঝে না’ থেকে শুরু করে শাকিব খানের ‘তুফান’—বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা পাওয়া মিমির ব্যক্তিজীবন নিয়েও এখন শুরু হয়েছে নানা আলোচনা।
টলিপাড়ার একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি চক্রবর্তী।
শুধু তাই নয়, চোখজুড়ানো পাহাড়ি পরিবেশের কালিম্পংয়ে বসতে পারে অভিনেত্রীর বিয়ের জমকালো আয়োজন—এমন গুঞ্জনও ছড়িয়েছে।
তবে মিমির বিয়ে নিয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন ও সংবাদমাধ্যমে প্রকাশিত সূত্রনির্ভর খবর হিসেবেই রয়েছে।
মিমির সম্ভাব্য জীবনসঙ্গীকে ঘিরেও চলছে নানা আলোচনা। গুঞ্জন রয়েছে, পাত্র বিনোদন জগতের কেউ নন। ভারতের নৌবাহিনীতে কর্মরত এক ব্যক্তির সঙ্গে মিমির বিয়ের আলোচনা চলছে বলে দাবি করা হচ্ছে।
তার নাম সিদ্ধার্থ—এমন তথ্যও সামনে এসেছে। তবে এই পরিচয় বা সম্পর্কের বিষয়ে মিমি চক্রবর্তী কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিমি চক্রবর্তীর। প্রচলিত ধারার বাইরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দ্রুতই দর্শকের নজর কাড়েন তিনি।
এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। দুই বাংলাতেই পরিচিতি বাড়তে থাকে এই অভিনেত্রীর।
অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতির মাঠেও পা রাখেন মিমি। ওই বছর যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন তিনি।
বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাসহ একাধিক নতুন চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
আগামী দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার নতুন এই সিনেমার।
এদিকে পেশাগত ব্যস্ততার মধ্যেই নাকি নিঃশব্দে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী—এমনটাই দাবি বিনোদন অঙ্গনের একটি অংশের। যদিও শেষ পর্যন্ত মিমির জীবনে সত্যিই নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে কি না, সে উত্তর মিলবে তার নিজের মুখের ঘোষণাতেই।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার