চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই কক্ষ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তার (২৪)–কে রক্তাক্ত অবস্থায় এবং ১০ মাস বয়সী মেয়েশিশুকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার বড়তাকিয়া বাজার এলাকার ‘হোটেল রিলেক্স জোন’-এর ১০৪ নম্বর কক্ষ থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি রাঙ্গামাটি পুলিশ লাইনে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা। তাদের ১০ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুর ২টার দিকে আমিনুল ও তার স্ত্রী হোটেলে এসে ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার তাদের ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।
পরে দীর্ঘ সময় পর ভেতর থেকে তাহমিনা দরজা খুলে দেন। তখন কক্ষের ভেতরে খাটের পাশে থাকা ফ্যানের সঙ্গে আমিনুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
হোটেল ম্যানেজার সোহান জানান, রোববার কক্ষ ভাড়া নেওয়ার পর আমিনুল ও তার স্ত্রী বিকেল ও রাতে দুইবার বাইরে বের হয়েছিলেন। রাতে তিনি নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।
এদিকে গুরুতর আহত অবস্থায় তাহমিনা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রীকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা 




















