
চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ‘শান্তি পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ইবনে জাহিদ (৩৪) ও সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন আকবর (৪৪)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা যাত্রীবেশে খাগড়াছড়ি থেকে বাসে করে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, সীমান্তঘেঁষা খাগড়াছড়ি-বারইয়ারহাট আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে নয়াটিলা মাজার গেট এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে শান্তি পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে পেছনের আসনে যাত্রীবেশে বসে থাকা দুই ব্যক্তির কাছ থেকে একটি জাপানি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র চালান চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার