
মিশর ও ইরাকের নাগরিকদের মধ্যে পারস্পরিক ভিসা ব্যবস্থা বাতিলের বিষয়ে একমত হয়েছে দেশ দুটি। সোমবার (২৩ নভেম্বর) মিশরের রাজধানী কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি।
সংবাদ সম্মেলনে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে ইরাক ও মিশরের মধ্যে ভিসার বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়ে তাঁরা একমত হয়েছেন। তবে সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে কায়রোর ইত্তিহাদিয়া প্রাসাদে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।
ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই আলী আল-জাইদির প্রথম মিশর সফর। মিশর-ইরাক যৌথ উচ্চ কমিটির চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার