অসুস্থ মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবারের সদস্যদের কাছে শেষবারের মতো ছেলেকে দেখার আকুতি জানিয়েছিলেন তিনি। সেই খবর শুনে ঢাকা থেকে রওনা দেন ছেলেও। তবে ভাগ্য সহায় হয়নি; বাড়ি পৌঁছানোর আগেই হঠাৎ তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে এই ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দীন খান (৩৮) দামুড়হুদার চারুলিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
এর আগে বুধবার নাইট কোচে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। বৃহস্পতিবার ভোরে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছে টয়লেটে গিয়েই তিনি মারা যান বলে জানিয়েছে পরিবার ও পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগ বা স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদ উদ্দীনের মা দীর্ঘদিন ধরে মৃত্যুশয্যায় ছিলেন। মায়ের শেষ ইচ্ছা ছিল ছেলেকে একবার দেখা। সেই আকুতি শুনে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মো. মেজবাহ উদ্দিন জানান, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকা থেকে ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার