
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ মিলন (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন একই উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের বাসিন্দা এবং আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কয়েকজন জেলের সঙ্গে ঠেলা জাল নিয়ে নদীতে মাছ ধরতে নামেন মিলন। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যান।
প্রথমে আশপাশে থাকা জেলেরা বিষয়টি বুঝতে পারেননি। পরে পানির ওপর মিলনের ঠেলা জাল ভেসে থাকতে দেখে সন্দেহ হলে তারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় তিন ঘণ্টা অনুসন্ধানের পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে জোয়ারের পানি কিছুটা কমে এলে নদী থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার