
দেশের তরুণ শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে একটি প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শুক্রবার (১২ জুন) মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শালিখা উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের Educational Excellence Support Scheme (EESS)-এর আওতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়ে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে। সরকার তৃণমূল পর্যায়ে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করতে কাজ করছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প, রোবোটিক্স, পরিবেশবান্ধব মডেল এবং আধুনিক কৃষিভিত্তিক ধারণা পরিদর্শন করেন মন্ত্রী। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুৎ কুমার দাস।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার