
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ‘পুশইনের’ চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ভারতের নদীয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সহড়াতলা সীমান্তের ১৪২ নম্বর আন্তর্জাতিক পিলারের ৫ ও ৬ এস সাব-পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় তাদের অবস্থান করতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান জানান, বুধবার গভীর রাতে ওই সাতজনকে ভারতের দিক থেকে সীমান্তের তারকাঁটা পার করে দেওয়া হয়। পরে তারা সীমান্ত এলাকায় ঘোরাফেরা করলে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত বিজিবিকে অবহিত করেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় পুশইনের আশঙ্কা তৈরি হলে বিজিবি নজরদারি আরও জোরদার করে।
এ বিষয়ে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, “ভোরে বিএসএফ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। সীমান্তে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।”
ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মেহেরপুর প্রতিনিধি 




















