
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো মোংলা সফরে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর এ সফরে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন গতি আসবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে মোংলা বন্দরের গুরুত্ব বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ২২ অক্টোবর মোংলা ও সুন্দরবন পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী মোংলা বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি নতুন কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
বন্দর চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪৭৫ কোটি টাকা। বাকি ৩ হাজার ৫৯৩ কোটি টাকা অর্থায়ন করবে চীন।
প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দৈর্ঘ্যের কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি বিপজ্জনক পণ্য (ডেঞ্জারাস কার্গো) ব্যবস্থাপনার সুবিধাও থাকবে। নতুন কনটেইনার ইয়ার্ডে যুক্ত করা হবে ৪৯টি সরঞ্জাম।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন অবকাঠামো চালু হলে ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার ওঠানো-নামানো সম্ভব হবে। একই সঙ্গে বছরে চার লাখ টিইইউ (TEU) কনটেইনার পরিচালনার সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একই দিন বন্দরের ৯ নম্বর জেটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কথা রয়েছে।
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, চীনের সঙ্গে এ সমঝোতার মাধ্যমে মোংলা বন্দরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের পথ তৈরি হবে।
তিনি বলেন, এর ফলে আইসিটি থেকে পণ্য রেলপথে মোংলা বন্দরে আনা সম্ভব হবে। পরে বন্দরের জেটি ব্যবহার করে জাহাজে সেসব পণ্য বিদেশে পাঠানো যাবে।
মোংলা বন্দরে নির্ধারিত কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার সড়কপথে বাগেরহাটে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হযরত খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন তিনি।
এরপর খুলনায় গিয়ে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচি শেষে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সব মিলিয়ে মোংলা বন্দরের অবকাঠামো সম্প্রসারণ, কনটেইনার পরিবহনের সক্ষমতা বৃদ্ধি এবং রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার