
মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ এই দ্বীপে মার্কিন হামলার পর সিরিক বন্দর এলাকাতেও ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া যায়। পরে জাস্ক ও বন্দর আব্বাস শহরেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা পরবর্তী দফার হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে।
হামলার পর কেশম দ্বীপে নতুন করে বিস্ফোরণের খবর আসে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে দেওয়া এক বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে থাকবে না।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরান ভূপাতিত করেছে। তিনি বলেন, “এই হামলার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অনিবার্য।”
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর আশপাশে ইরানের কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।
তবে এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এই অভিযান যুদ্ধ বন্ধের চলমান কূটনৈতিক আলোচনাকে বাধাগ্রস্ত করবে না। বরং এটি একটি “সতর্কবার্তা” হিসেবে পরিচালিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
হামলার ঘোষণা দেওয়ার আগে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে “খুবই শক্তিশালী”।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার