
ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল তাবুতে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’-এও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
শনিবার আল-মাওয়াসি এলাকায় দুটি অস্থায়ী তাবুতে ইসরাইলি ড্রোন হামলায় ১৫ বছর বয়সী ইসলাম মুসা এবং তার ৩০ বছর বয়সী ভাই আবদুল্লাহ মুসা নিহত হন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলার স্থান থেকে আহত সাতজনকে উদ্ধার করে খান ইউনিসের নাসের হাসপাতাল ও রেড ক্রস হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে নিহতদের মরদেহ ঘিরে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
একই দিনে দক্ষিণ গাজার আরেকটি হামলায় কয়েকদিন আগে আহত হওয়া ১০ বছর বয়সী শিশু ওয়ালিদ ইউসুফ আবু জাজার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
এছাড়া গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের আরেকটি তাবুতে হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় হাসপাতাল ও রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজাজুড়ে ড্রোন হামলা ও নিরাপত্তা ঝুঁকি বেড়েই চলেছে।
প্রতিবেদকের নাম 




















