
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা আনজুম তুষি। ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালের স্নো লেপার্ড অ্যাওয়ার্ড অর্জন করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ খবর জানিয়েছেন অভিনেত্রী।
‘রইদ’ সিনেমায় নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও স্বীকৃতি পেয়েছিল ‘রইদ’। অক্টোবরের প্রথম সপ্তাহে কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটি তিনটি পুরস্কার অর্জন করে। সেরা অভিনেত্রী, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগে পুরস্কৃত হয় ছবিটি।
নতুন পুরস্কার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজিফা তুষি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসরে ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে স্নো লেপার্ড অ্যাওয়ার্ড পেয়ে আমি ভীষণ সম্মানিত ও আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে— এই উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘রইদ’ নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা অনেক আনন্দিত ও উচ্ছ্বসিত ছিলাম। এশিয়ার সেরা ও সবচেয়ে অকৃত্রিম গল্পগুলোকে হলিউডে এবং বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরার যে মঞ্চ, তার অংশ হতে পেরে মনে হয়েছে, আমরা শুধু সেখানে উপস্থিত ছিলাম না, বাংলাদেশের সেরা কাজটিই তুলে ধরেছি।’
পুরস্কার পাওয়ার পর মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। পরিবারের সদস্যদের পাশাপাশি ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নাজিফা তুষি বলেন, ‘এই জয় আমার পুরো ‘রইদ’ দলেরও। এ সিনেমাটি নির্মাণ ও বিশ্বের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে যুক্ত কলাকুশলীসহ সবার অবদান রয়েছে। আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ।’
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার