
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের কার্যালয়ে হামলার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
গত ১০ আগস্ট রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলি আদালতে মামলাটি করেন রাকসু জিএস। পরে আদালত মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর দেন।
মামলার আসামিরা হলেন— ইতিহাস বিভাগের মো. আনাস, সংস্কৃত বিভাগের মো. মাহমুদুল হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মাহফুজুল ইসলাম নয়ন এবং ইসলামী স্টাডিজ বিভাগের আজহারুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৭ জুলাই দুপুরে রাকসু ভবনের দ্বিতীয় তলায় জিএসের ২০২ নম্বর কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন সেখানে জড়ো হয়ে জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করেন। পরে সালাহউদ্দিন আম্মারকে গালিগালাজ ও মারধর এবং কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, আনাসের হাতে থাকা লোহার রডের আঘাতে নাজমুস সাকিব আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মাহিন মেহেদীর বাম কানে লাঠি দিয়ে আঘাত করেন।
এ ঘটনায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, তার সম্পাদকদের ওপর হামলার ঘটনায় তাদের সম্পৃক্ত করে মামলাটি করা হয়েছে।
এর আগে ২৭ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাকসু ভবন ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার