
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে বড় ধরনের বাণিজ্যিক সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাজ্য থেকে আমদানি করা হুইস্কির ওপর থাকা সব ধরনের শুল্ক ও বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।
ট্রাম্প বলেন, স্কটল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের হুইস্কি ও বোরবন শিল্পের পারস্পরিক বাণিজ্য সম্পর্ক আরও সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা কিছু বাণিজ্য বাধা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই ঘোষণার পর যুক্তরাজ্য সরকারও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নতুন সিদ্ধান্ত সব ধরনের হুইস্কির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যার মধ্যে আইরিশ হুইস্কিও রয়েছে। শিল্পসংশ্লিষ্টরা মনে করছেন, এতে চাপে থাকা হুইস্কি রপ্তানি খাত কিছুটা স্বস্তি পাবে।
রাজা ও রানির চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে তারা ইতোমধ্যেই দেশে ফিরে গেছেন। সফর শেষে ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, এই সিদ্ধান্ত তিনি বিশেষভাবে রাজা ও রানির সম্মানে নিয়েছেন।
বাকিংহাম প্যালেসের পক্ষ থেকেও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। স্কটল্যান্ডের কর্মকর্তারা এটিকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
শিল্পসংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রে হুইস্কির ওপর থাকা আগের শুল্কের কারণে প্রতি বছর বড় অঙ্কের রপ্তানি ক্ষতির মুখে পড়ছিল খাতটি। নতুন সিদ্ধান্ত সেই চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 




















