
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন রামিসার বাবা ও মামলার বাদী আবদুল হান্নান মোল্লা।
মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়। এ সময় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়।
ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের এজলাসে অনুষ্ঠিত শুনানিতে আবদুল হান্নান মোল্লা ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে সাক্ষ্য দেন। পাশাপাশি তিনি তার কন্যা হত্যার বিচার ও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
আদালত সূত্রে জানা গেছে, আজ আরও কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত, আলামত ও ঘটনার বিভিন্ন দিক তুলে ধরতে পর্যায়ক্রমে সাক্ষ্য দেবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এর আগে সোমবার (১ জুন) সোহেল রানা ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ২ জুন তারিখ নির্ধারণ করেন।
মামলায় প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ মোট ১৮ জন সাক্ষীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আলোচিত এ মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে পরদিন প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার