
রাশিয়ার জ্বালানি আমদানির ওপর পূর্বে প্রস্তাবিত ৫০০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। নতুন প্রস্তাব অনুযায়ী, রুশ জ্বালানি ক্রয়কারী দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্টকে।
নতুন এই নীতির ফলে রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা ভারত ও চীনের মতো দেশগুলো সম্ভাব্য কঠোর শুল্কের চাপ থেকে কিছুটা স্বস্তি পাবে।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের উদ্যোগে প্রণীত দ্বিদলীয় বিলটির লক্ষ্য রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং দেশটির জ্বালানি রপ্তানিনির্ভর অর্থনীতিকে দুর্বল করা। একই সঙ্গে ভারত ও চীনের মতো দেশগুলোকে রুশ জ্বালানির ওপর নির্ভরতা কমাতে উৎসাহিত করাও বিলটির অন্যতম উদ্দেশ্য।
মার্কিন আইনপ্রণেতারা মনে করছেন, ইউক্রেনে রাশিয়ার দীর্ঘমেয়াদি সামরিক অভিযান বন্ধে অর্থনৈতিক চাপ আরও জোরদার করা প্রয়োজন।
বর্তমানে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান। অন্যদিকে রুশ প্রাকৃতিক গ্যাসের বড় আমদানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ফ্রান্স, জাপান, হাঙ্গেরি ও বেলজিয়াম।
সংশোধিত খসড়া বিলে একটি ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। যে দেশগুলো রাশিয়ার মোট প্রাকৃতিক গ্যাসের ১৫ শতাংশের কম আমদানি করে এবং ধীরে ধীরে সেই নির্ভরতা কমানোর উদ্যোগ নিচ্ছে, তারা শুল্কের আওতার বাইরে থাকতে পারবে। এ সুবিধা জাপান, ফ্রান্স, হাঙ্গেরি ও বেলজিয়াম পেতে পারে।
এ ছাড়া নতুন বিলে রাশিয়ার ‘শ্যাডো ট্যাংকার’ বহর, কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ইয়ামাল এলএনজি ও আর্কটিক এলএনজিসহ বড় রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রকল্পগুলোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে।
তবে জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজন হলে কোনো দেশের ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল বা স্থগিত করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে থাকবে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই বিলে ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধেও নতুন নিষেধাজ্ঞা যুক্ত করার বিষয়ে আগ্রহী। তবে বিলটির অন্যতম উদ্যোক্তা সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মনে করেন, অতিরিক্ত বিষয় যুক্ত করলে বিল পাসের প্রক্রিয়া জটিল হয়ে যেতে পারে।
বর্তমানে বিলটি মার্কিন সিনেটে বিবেচনাধীন রয়েছে এবং এর পক্ষে ২৬ জন সিনেটরের সমর্থন রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার