ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রুশ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে একটি বহুতল আবাসিক ভবনের অন্তত ছয়টি তলা ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা সেখানে অভিযান চালাচ্ছেন।
রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, আহতদের মধ্যে দুই শিশু রয়েছে এবং শহরের অন্তত ৩৬টি স্থানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে আবাসিক এলাকায় হামলা চালিয়ে বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করেছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য বড় হামলার সতর্কতার পর দেশেই ফিরে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা দাবি করে, রাতভর ৩২৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
এদিকে পাল্টাপাল্টি হামলায় রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে উভয় দেশই একে অপরের ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে এবং সংঘাত আরও তীব্র হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার