
রাষ্ট্রপতি পদে ড. ইউনূসকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি, আলোচনায় মির্জা ফখরুলের নাম: প্রতিবেদন
রাষ্ট্রপতি পদে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছে—এমন জল্পনার মধ্যে বিএনপি সরকারের পক্ষ থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা যায়, পরিচয় প্রকাশে অনিচ্ছুক বিএনপি প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে বিএনপি সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর রয়েছে। এ ক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ড. ইউনূসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতির পদ নিয়ে নানা আলোচনা থাকলেও তিনি রাজনৈতিক সরকারের কোনো দায়িত্ব গ্রহণে আগ্রহী নন।
এদিকে, গত মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত হলেও রাজনৈতিক সংকট, নেতৃত্বের শূন্যতা বা সাংবিধানিক পরিবর্তনের সময় এ পদটির গুরুত্ব বেড়ে যায়।
এছাড়া আন্তর্জাতিক মহলে ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব পদেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা চলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে তার ঘনিষ্ঠ এক সহযোগীর বরাতে বলা হয়েছে, বর্তমানে জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণেও তিনি আগ্রহী নন।
উল্লেখ্য, এ প্রতিবেদনের তথ্য ডেইলি ওয়াদা-এর বরাত থেকে প্রকাশিত। তবে এ বিষয়ে বিএনপি কিংবা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদকের নাম 



















