
ছয় দশকের সংগীতজীবনেও কণ্ঠের মাধুর্য ও পরিবেশনার প্রাণবন্ততা ধরে রেখেছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। গত শুক্রবার তাঁর এমনই এক পরিবেশনার সাক্ষী হয়েছেন অভিনেতা তারিক আনাম খান। প্রিয় শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো, কথা বলা, গান শোনা, এমনকি তাঁর কাছ থেকে নাচ শেখার অভিজ্ঞতা অভিনেতার কাছে হয়ে উঠেছে স্মরণীয়।
রুনা লায়লার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলোর কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তারিক আনাম। গানের পাশাপাশি শিল্পীর রসবোধ ও উপস্থিত বুদ্ধিরও যে তিনি মুগ্ধ ভক্ত, তা জানিয়েছেন অভিনেতা।
সোমবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে তারিক আনাম লেখেন, গত শুক্রবার তাঁর জীবনের একটি স্মরণীয় সন্ধ্যা কেটেছে। কোনো দিন রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়াতে পারবেন, তাঁর সঙ্গে কথা বলতে বা তাঁকে প্রশ্ন করতে পারবেন—এমনটা ভাবেননি তিনি।
তারিক আনাম লেখেন, উপমহাদেশজুড়ে রুনা লায়লার অসংখ্য ভক্তের মধ্যে তিনিও একজন। তবে শুধু গানের জন্যই নয়, শিল্পীর রসবোধ ও কৌতুকবোধেরও বড় ভক্ত তিনি। অনুষ্ঠানের আগে রুনা লায়লাকে বলেছিলেন, মঞ্চে তাঁর মজার কথাও শুনতে চান।
সেই সন্ধ্যায় রুনা লায়লার গান ও জীবনের নানা গল্প শোনার পাশাপাশি তাঁর রসবোধেও মুগ্ধ হয়েছেন অভিনেতা। এমনকি মঞ্চে তাঁকে নাচও শিখিয়েছেন কিংবদন্তি এই শিল্পী।
অভিজ্ঞতা জানিয়ে তারিক আনাম লেখেন, রুনা লায়লার গান শুনেছেন, জীবনের গল্প ও মজার কথা শুনেছেন; এমনকি তাঁর কাছ থেকে মঞ্চে নাচও শিখেছেন।
রুনা লায়লার সংগীতপ্রতিভা ও প্রাণশক্তির প্রশংসা করে অভিনেতা লেখেন, গানে তিনি এখনো অনবদ্য, তাঁর রসবোধও অসাধারণ। ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন, অথচ এখনো ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গান গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি।
পোস্টের শেষে রুনা লায়লাকে সালাম জানিয়ে তাঁর আরও ছয় দশক এমনভাবেই গান চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারিক আনাম। প্রিয় শিল্পীর ছয় দশকের সংগীতযাত্রা উদ্যাপনের অংশ হতে পেরে নিজের গর্বের কথাও জানিয়েছেন এই অভিনেতা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার