
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এ কার্যক্রম শুরু হয়।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়েছিল।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম দফার পরীক্ষায় টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা সন্তোষজনক পাওয়া গেছে। তাই প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় গ্রিড সংযোগ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটের বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে কাজ চলছে। এ পর্যায়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমতে পারে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও কেন্দ্রটি এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যায়নি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন শেষে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার