সাংবাদিক সেলিম রানা। রেমিট্যান্সে রেকর্ড, নতুন নতুন জেলায় বাড়ছে প্রবাসী আয় প্রবাসীরা এখন বেশি আস্থা নিয়ে বৈধপথে অর্থ পাঠাচ্ছেন/ছবি: এআই
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রবাসী আয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে যখন অশনিসংকেত, তখনও নতুন করে আশার আলো হয়ে উঠছে প্রবাসীদের কষ্টার্জিত এই অর্থ। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বাড়তে থাকা এই বৈদেশিক মুদ্রার উচ্চ প্রবাহে যোগ হচ্ছে নতুন নতুন জেলা।
এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের নতুন মাইলফলক স্পর্শ এবং টানা কয়েক মাস তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাহ বজায় থাকা প্রমাণ করে—প্রবাসীরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আস্থা নিয়ে বৈধপথে অর্থ পাঠাচ্ছেন।
আশার কথা, আগে দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও এখন নতুন নতুন জেলা রেমিট্যান্স প্রবাহে যুক্ত হচ্ছে, যা সামগ্রিক অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াচ্ছে। বিভিন্ন জেলায় রেমিট্যান্স বৃদ্ধির বিস্তার একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আগে যেখানে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, সেখানে চলতি বছরের মার্চ মাসে সেই রেকর্ড ভেঙে ৩৭৫ কোটি ডলারের নতুন মাইলফলক স্পর্শ করেছে। দেশের ইতিহাসে এক মাসে এত পরিমাণ রেমিট্যান্স এর আগে কখনো আসেনি।
এছাড়া, গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত টানা চার মাস ধরে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। এই ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছর শেষে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।
বৈধপথে রেমিট্যান্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। হুন্ডির দৌরাত্ম্য কমে যাওয়া এবং ব্যাংকিং চ্যানেলের ডলারের দামের সঙ্গে খোলাবাজারের ব্যবধান কমে আসায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।-বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান
বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিকস বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের জেলাভিত্তিক প্রতিবেদনে দেখা যায়, রেমিট্যান্স আহরণে নতুন নতুন জেলা এগিয়ে আসছে। যেসব জেলায় আগে রেমিট্যান্স ওঠানামা করতো, সেসব জেলায় সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। খাত সংশ্লিষ্টরা একে ইতিবাচক হিসেবে দেখছেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুলসংখ্যক কর্মী বিদেশে যাচ্ছেন, যা দেশের রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৫ সালে দেশের বাইরে গেছেন ১০ লাখ ৭৪ হাজার ১৫৯ জন প্রবাসী। এর আগের বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১০ লাখ ৯ হাজার ১৪৬ জন।
গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ এম. হেলাল আহমেদ জনি বলেন, ‘এই ইতিবাচক ধারা ধরে রাখা জরুরি। তিনি বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধিকে দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করেন এবং প্রবাসীদের জন্য আরও সহায়ক নীতি গ্রহণের ওপর জোর দেন।’
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার