
২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘ন্যায়সংগত নয়’ বলে মন্তব্য করেছে মিয়ানমার।
গত ১৯ নভেম্বর আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া রায় ঘোষণা করেন। এর পর প্রতিক্রিয়া জানতে রাজধানী নেপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করে বার্তা সংস্থা এএফপি।
দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে এএফপিকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও রায়ের ফলাফলের দিকে তাকালে দেখা যায়, ১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সুতরাং এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না এবং আমি বলব, এটি ন্যায়সংগতও নয়।’
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালের অভিযান
২০১৭ সালের আগস্টের শুরুতে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ওই হামলার দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরকান স্যালভেশন আর্মি (আরসা)।
এর প্রতিক্রিয়ায় ওই মাসের মাঝামাঝি থেকে রাখাইনে বসবাসকারী রোহিঙ্গাদের লক্ষ্য করে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই অভিযানের মুখে প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।
বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন।
গাম্বিয়ার মামলা
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। গত ১৯ নভেম্বর ওই মামলার রায় ঘোষণা করা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার