
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, মানবাধিকার, মর্যাদা ও শিক্ষার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এসব অধিকার যেন রোহিঙ্গারা নির্ভয়ে ও নিঃশঙ্কচিত্তে ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করাও জরুরি।
রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় কৌশল নির্ধারণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে আয়োজিত জাতীয় নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বে প্রায় ৪ কোটি ১৬ লাখ শরণার্থী রয়েছে। অন্যদিকে বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সংকট মোকাবিলা করতে হচ্ছে। শরণার্থী শিবিরগুলোতে প্রতিদিন ৮২ থেকে ৯০টি শিশুর জন্ম হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এ পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে নতুন করে রোহিঙ্গা আসার বিষয়টি ছাড়াও শিবিরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির চাপ তৈরি হবে। এ সংকটে মানবিক বিবেচনার পাশাপাশি দেশের নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার বিষয়টিও জড়িত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রোহিঙ্গা সংকট নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ওই কমিটির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কীভাবে সংকটটি মোকাবিলা করা যায়, তা নিয়ে কাজ করা হবে।
রোহিঙ্গাদের জন্য একটি যৌক্তিক পরিণতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।
আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয়, এটি মিয়ানমারের সমস্যা। তাই এ সংকট সমাধানের দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার