
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে নৃশংস নির্যাতনের মুখে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের নয় বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই সময়ে প্রত্যাবাসনের নানা আশ্বাস এলেও মিয়ানমারে চলমান সংঘাত, রাখাইন রাজ্যের পরিবর্তিত পরিস্থিতি, নাগরিকত্বের প্রশ্ন এবং নিরাপত্তাহীনতার কারণে রোহিঙ্গাদের দেশে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত।
দীর্ঘদিন ধরে ক্যাম্পে বসবাস করতে করতে হতাশা বাড়লেও মাতৃভূমিতে ফেরার আশা ছাড়তে চান না রোহিঙ্গারা। গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে আয়োজিত সমাবেশে তারা নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান।
বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে হাজার হাজার রোহিঙ্গা সমবেত হন। নারী, পুরুষ ও শিশুরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশে অংশ নেন। তাদের কণ্ঠে ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।
সমাবেশে রোহিঙ্গারা বলেন, দীর্ঘ নয় বছর তাঁবুর নিচে অনিশ্চিত জীবন কাটিয়ে তারা ক্লান্ত। তাদের ইতিহাসে রয়েছে হারানো প্রাণের বেদনা, পুড়ে যাওয়া ঘরবাড়ি, ভেঙে যাওয়া পরিবার এবং মাতৃভূমি হারানোর কষ্ট।
তারা বলেন, ন্যায়বিচার পাওয়া, মর্যাদার সঙ্গে বেঁচে থাকা এবং নাগরিকত্বের অধিকার ফিরে পাওয়ার আশা এখনো তাদের মধ্যে রয়েছে। মাতৃভূমিতে ফিরে যাওয়ার এই আশা কখনো নিভে যাবে না।
ক্যাম্প-৩-এর সাবেক হেডমাঝি মৌলভী রশিদ বলেন, বাড়িঘর, ভিটেমাটি ও জমিজমা ফেলে তারা দীর্ঘ নয় বছর ধরে শরণার্থী জীবন কাটাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের প্রশ্ন—আর কতদিন এভাবে শরণার্থী হয়ে থাকতে হবে?
শরণার্থী বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন হলেও শুধু ঘোষণা বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে তা সম্ভব নয়।
তার মতে, এজন্য সুনির্দিষ্ট কৌশলগত পরিকল্পনা, মিয়ানমারের বর্তমান বাস্তবতা বিবেচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর কার্যকর সম্পৃক্ততা প্রয়োজন। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব ও মর্যাদার নিশ্চয়তা দিতে হবে।
রোহিঙ্গা অধিকার নিয়ে কাজ করা ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গারের সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, প্রত্যাবাসনের জন্য নির্দিষ্ট ধাপ ও কাজ রয়েছে। ২০১৮ সাল থেকে প্রত্যাবাসনের কথা বলা হলেও এর বাস্তব প্রতিফলন দেখা যায়নি।
তিনি বলেন, মিয়ানমার, জাতীয় ও বৈশ্বিক নীতির পরিবর্তন বিবেচনায় নিয়ে নতুন করে কৌশল নির্ধারণ করতে হবে। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়; এটি মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়েরও সমস্যা।
রোহিঙ্গা যুবনেতা ও আরাকান ফুটবল ফেডারেশনের সভাপতি মুজিবুর রহমান বলেন, রাখাইন বা আরাকানের বর্তমান বাস্তবতা বিবেচনা না করে প্রত্যাবাসনের পরিকল্পনা করা সম্ভব নয়।
তার দাবি, আরাকানের প্রায় ৯০ শতাংশ এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। প্রত্যাবাসন বাস্তবায়নে চীন ও ভারতের মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে প্রয়োজনীয় চুক্তি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
শরণার্থী বিশেষজ্ঞদের মতে, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের সবচেয়ে ভালো সমাধান। তবে নিরাপদ পরিবেশ তৈরি না করে তাদের ফেরত পাঠানো যাবে না।
রাখাইনের বর্তমান নিয়ন্ত্রণ কাঠামো এবং মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রত্যাবাসনের পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা, জমি-বাড়ির অধিকার, সামাজিক সুরক্ষা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।
ইউএনএইচসিআরের কক্সবাজার সাব-অফিসের প্রধান মার্সেল কলুন বলেন, রোহিঙ্গাদের দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও কীভাবে প্রত্যাবাসন হবে, তার সুনির্দিষ্ট পরিকল্পনা এখনো নেই।
তিনি মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ হওয়াকে প্রত্যাবাসনের প্রথম শর্ত হিসেবে উল্লেখ করেন। এরপর নিরাপত্তা, নিজ ভূমিতে ফেরার সুযোগ, জমি-বাড়ির অধিকার এবং নাগরিকত্ব বা মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক বরাদ্দও কমে আসছে। পাশাপাশি ক্যাম্পে বিভিন্ন ধরনের অপরাধ বাড়ায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
সরকারি কর্মকর্তাদের মতে, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগও আগের তুলনায় কমেছে। ফলে সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জরুরি হয়ে উঠেছে।
উন্নয়নকর্মী ফারিহা হোসাইন বলেন, রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে।
কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, প্রত্যাবাসন শুধু সীমান্তের ওপারে পাঠানোর বিষয় নয়; রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে ফিরে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। এর আগে থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরসহ বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের ৩৩টি ক্যাম্পে বসবাস করছেন।
নয় বছর পেরিয়ে গেলেও নিজ দেশে ফেরার দিনক্ষণ এখনো অনিশ্চিত। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায় দিন গুনছেন কক্সবাজারের ক্যাম্পে থাকা লাখো রোহিঙ্গা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার