রাজধানীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে ডাকাতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন মো. আলামিন ও মো. রায়হান। তাদের মধ্যে আলামিনকে চক্রটির মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে, আর রায়হান সহযোগী ও চালকের দায়িত্ব পালন করতেন।
শনিবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস থামিয়ে কখনো র্যাব, কখনো পুলিশ কিংবা সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশির নামে ডাকাতি চালিয়ে আসছিল।
র্যাব জানায়, অভিযানের সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, ভুয়া স্টিকার, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করত, যাতে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হয়। সম্প্রতি ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর ডেমরা এলাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রায়হানকেও আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ডকাপ, ভুয়া নম্বর প্লেট, র্যাবের জ্যাকেট, পুলিশ স্টিকার, সেনাবাহিনীর মাস্কসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মাইক্রোবাস ও যোগাযোগের জন্য ব্যবহৃত ডিভাইসও জব্দ করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, আলামিন আগে ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও জেলার একাধিক মামলা রয়েছে। এর আগেও ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়েন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার