
লালমনিরহাটে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১২ আগস্ট) রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর র্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতার রহিদুল ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম নিজ এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মানুষকে সচেতন করছিলেন। তিনি জড়িতদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান এবং তা না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর কথা বলেন।
এরপর গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা হয়। অভিযোগ রয়েছে, রহিদুল ইসলামের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
এদিকে গত ৬ আগস্ট আরিফুল ইসলামের স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় স্ত্রী ও নবজাতক সন্তানকে নিয়ে পরিবারটি কঠিন সময় পার করছে।
এ ঘটনায় আরিফুল ইসলামের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গত ২ আগস্ট আদিতমারী থানায় রহিদুল ইসলামকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আট আসামি আদালত থেকে জামিনে মুক্ত হলেও রহিদুল এতদিন পলাতক ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার হাতিরঝিলের নয়াটোলা এলাকা থেকে রহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর র্যাব-১৩-এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, কলেজ শিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার প্রধান অভিযুক্ত রহিদুল ইসলামকে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার