
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে কয়েক দফায় দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এ ছাড়া মিসরের কয়েকজন নাগরিকও রয়েছেন।
গ্রিসের সংবাদমাধ্যম দিমোক্রেতিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ক্রিট দ্বীপের উপকূল থেকে প্রায় ৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে গত ৪৮ ঘণ্টায় ওই এলাকায় দুই শতাধিক মানুষ পৌঁছেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গ্রিসের কোস্টগার্ডের একটি টহল জাহাজ ও একটি মাছ ধরার নৌকার মাধ্যমে উদ্ধার হওয়া ব্যক্তিদের লেরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে আরও দুটি নৌকায় করে ১১২ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসে পৌঁছান। প্রথম নৌকাটিতে ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৩১ জন সুদানের নাগরিক এবং ২৫ জন বাংলাদেশি।
দ্বিতীয় নৌকাটিতেও ৫৬ জন ছিলেন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক।
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা সাম্প্রতিক সময়ে বেড়েছে। ঝুঁকিপূর্ণ এ সমুদ্রপথে প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের পরিচয় যাচাই ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে গ্রিক কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার