রাজধানীর লেক ও খালের পরিবেশ রক্ষায় সুয়ারেজ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গুলশান ও বনানী এলাকার ভবনগুলোর সুয়ারেজ সংযোগ লেক থেকে বিচ্ছিন্ন করে বর্জ্য পরিশোধনের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে গুলশান-২ এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজিত ‘খাল বাঁচাই’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক জানান, বর্তমানে গুলশান ও বনানী এলাকার অনেক ভবনের সুয়ারেজ লাইন সরাসরি লেকের সঙ্গে সংযুক্ত রয়েছে, যা লেকের পরিবেশ ও পানির মানের জন্য মারাত্মক ক্ষতিকর। এ সংযোগ দ্রুত বন্ধ করে বাসাবাড়ির বর্জ্য দাশেরকান্দী পয়ঃশোধনাগারে পাঠিয়ে পরিশোধনের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীকে দুর্গন্ধমুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ডিএনসিসি ধারাবাহিকভাবে কাজ করছে।
ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে মো. শফিকুল ইসলাম বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন এডিস মশার লার্ভা জন্মাতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
প্রতিবেদকের নাম 




















