ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ইসমাইল কানি লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন, স্বেচ্ছায় সরে না গেলে ভবিষ্যতে অপমানজনক পরাজয়ের মুখে পালাতে বাধ্য হতে পারে ইসরায়েল।
বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “লেবানন প্রতিরোধের ভূমি, দখলদারদের খেলার মাঠ নয়। ইসরায়েল যদি স্বেচ্ছায় লেবাননের ভূখণ্ড ত্যাগ না করে, তাহলে একসময় অপমানজনক পরাজয়ের মুখে সেখান থেকে পালাতে হবে।”
ইসমাইল কানি আরও উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিতে লেবাননের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার বিষয়ে অঙ্গীকার করা হয়েছে। তেহরানের মতে, ওই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার অপরিহার্য।
উল্লেখ্য, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা উসকে দিয়েছে।
প্রতিবেদকের নাম 





















