ভারতের লোকসভার বাদল অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সংসদ সদস্যদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে বিরোধী শিবিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৈঠক থেকে ওয়াকআউট করেন তৃণমূলসহ কয়েকটি বিরোধী দলের নেতারা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলের বিদ্রোহী সংসদ সদস্যদের নিয়ে গঠিত ‘ন্যাশনাল সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই)-কে ক্ষমতাসীন বিজেপি সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানায়। এ সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূলের সংসদ সদস্যরা বৈঠক ত্যাগ করেন।
তৃণমূলের সংসদ সদস্য মহুয়া মৈত্রের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা হল ছাড়েন। তাদের সঙ্গে কংগ্রেস, সমাজবাদী পার্টি, সিপিএম, ডিএমকে, আম আদমি পার্টিসহ কয়েকটি বিরোধী দলের প্রতিনিধিরাও ওয়াকআউট করেন। তবে কিছুক্ষণ পর তারা আবার বৈঠকে ফিরে আসেন।
গত এপ্রিলের নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানো তৃণমূল এখন দলীয় সংকটে পড়েছে। দলটির ২০ জন সংসদ সদস্য ইতোমধ্যে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ১৭ জন সংসদ সদস্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জানিয়েছেন, তারা এখন এনসিপিআইয়ের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
তবে এ বিষয়ে স্পিকার এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি। লোকসভার ওয়েবসাইটেও বর্তমানে তৃণমূলের ২৮ জন সংসদ সদস্যের নামই রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এনসিপিআই নেতা হিসেবে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানান। একই চিঠিতে কাকলি ঘোষ দস্তিদারকে এনসিপিআইয়ের চিফ হুইপ হিসেবে উল্লেখ করা হয়।
এ ঘটনায় তৃণমূল নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে ‘প্রতারণা’ ও ‘বিশ্বাসঘাতকতার স্বীকৃতি’ বলে সমালোচনা করেন।
২০২৩ সালে গঠিত এনসিপিআই দলটি তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যোগ দেওয়ার পরই আলোচনায় আসে। সরকারি সূত্রের দাবি, বিদ্রোহী সাংসদরা নিজেরাই জানিয়েছেন যে তারা আর তৃণমূলের অংশ নন। এ কারণেই সব দল ও গোষ্ঠীকে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বাদল অধিবেশন শুরুর আগেই স্পিকার এনসিপিআইকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারেন। এমনটি হলে ভারতের সংসদীয় ইতিহাসে এটি একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হবে।
এদিকে, লোকসভা সচিবালয়ের নথিতে মহারাষ্ট্রের শিবসেনার ক্ষেত্রেও বড় পরিবর্তনের তথ্য উঠে এসেছে। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর ছয় সংসদ সদস্যকে একনাথ শিন্ডে গোষ্ঠীর সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে তৃণমূলের মতো শিবসেনাতেও দলীয় বিভাজন আরও স্পষ্ট হয়েছে।