ইতিহাসে প্রথমবারের মতো তিনটি ভিন্ন দেশে আয়োজিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে তিনটি পৃথক বর্ণাঢ্য আয়োজন, যেখানে অংশ নেবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা।
উদ্বোধনী আয়োজনের সূচনা হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে ল্যাটিন পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ার আফ্রোবিটস শিল্পী বার্না বয় যৌথভাবে পরিবেশন করবেন টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া মঞ্চে থাকবেন জে বালভিন ও জনপ্রিয় ব্যান্ড মানা।
দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১২ জুন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে। কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে এ আয়োজনে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারা।
সবশেষে ১৩ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ত্রয়ীর শেষ পর্ব। হলিউড ঘরানার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পারফর্ম করবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার ও অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।
আয়োজকরা জানিয়েছেন, তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হবে ফিফা বিশ্বকাপ ট্রফি এবং আয়োজক দেশগুলোর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করতে পারবেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার