যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক পরিচালক জেমস কোমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়েছেন। বুধবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে তিনি আত্মসমর্পণ করেন।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে কোমির একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ অভিযোগ ওঠে। ওই পোস্টে তিনি সৈকতের বালুতে শামুক ও ঝিনুক দিয়ে “৮৬ ৪৭” লেখা একটি ছবি প্রকাশ করেছিলেন। পরে পোস্টটি মুছে ফেলা হয়।
যুক্তরাষ্ট্রে ‘৮৬’ শব্দটি সাধারণত কোনো কিছু সরিয়ে ফেলা বা বাতিল করার স্ল্যাং অর্থে ব্যবহৃত হয়। আর ‘৪৭’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে ইঙ্গিত করে, এমন দাবি করে বিষয়টিকে হুমকি হিসেবে ব্যাখ্যা করে রিপাবলিকান ও ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা।
তবে কোমির আইনজীবীরা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, এটি কোনো সরাসরি বা আইনগতভাবে হুমকি হিসেবে গণ্য হতে পারে না।
আদালতে সংক্ষিপ্ত শুনানির পর বিচারক কোনো শর্ত ছাড়াই কোমিকে মুক্তি দেন। এর আগে একই অভিযোগে বিচার বিভাগ মামলা করার চেষ্টা করলেও তা টেকসই হয়নি বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের একাংশও এই অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টকে সরাসরি হত্যার হুমকি হিসেবে ব্যাখ্যা করার যৌক্তিক ভিত্তি দুর্বল।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে ট্রাম্প ও তাঁর রাজনৈতিক বিরোধীদের মধ্যে চলমান বিরোধের প্রেক্ষাপটে বিষয়টি আরও জটিল আকার নিয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার