
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নিরবচ্ছিন্ন মোবাইল ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে অত্যাধুনিক ইনডোর টেলিকম নেটওয়ার্ক স্থাপন করছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড, যার ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৬৩ লাখ টাকা।
এই প্রকল্পের আওতায় অত্যাধুনিক অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম (Active DAS) স্থাপন করা হবে। এর সঙ্গে থাকবে ৭০০টি স্মল সেল এবং ৬৩৫টি ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট, যা পুরো টার্মিনালজুড়ে শক্তিশালী ৪জি ও ভবিষ্যৎ উপযোগী ৫জি সংযোগ নিশ্চিত করবে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী জানান, প্রকল্পের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। কার্যাদেশ পাওয়ার পরপরই কাজ শুরু হবে।
প্রকল্পের মাধ্যমে ইমিগ্রেশন, চেক-ইন কাউন্টার, ভিআইপি লাউঞ্জ, এক্সপোর্ট ও ইমপোর্ট কার্গো টার্মিনালসহ তৃতীয় টার্মিনালের সব গুরুত্বপূর্ণ ইনডোর এলাকায় উচ্চগতির ভয়েস ও ডেটা সেবা পাওয়া যাবে। কংক্রিট, স্টিল ও কাঁচের কারণে ইনডোরে যে নেটওয়ার্ক দুর্বলতা তৈরি হয়, নতুন প্রযুক্তি তা দূর করবে।
মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ৪৩ কোটি ৫৪ লাখ টাকা মূল টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে, ২ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা পরিচালনা ও রক্ষণাবেক্ষণে এবং ২৫ লাখ টাকা অনাকাঙ্ক্ষিত ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পের কাজ ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ৯১ লাখ যাত্রী যাতায়াত করেন। ২০৩৫ সালের মধ্যে এ সংখ্যা ১ কোটি ৮৫ লাখে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রতিদিন প্রায় ১৯০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয় এবং বছরে প্রায় ২ লাখ ৪৮ হাজার মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা হয়।
সরকারের আশা, এই আধুনিক টেলিকম অবকাঠামো চালু হলে যাত্রীদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা উন্নত হবে, বিমানবন্দরের ডিজিটাল সেবা আরও কার্যকর হবে এবং দেশের আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার