এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সোমবার (১০ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধন পরীক্ষার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে। এ ব্যবস্থায় পরিবর্তন এনে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো নতুন পরিপত্র জারি হয়নি।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও এক ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি জানান, ২০০৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে এনটিআরসি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার উপায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা অব্যাহত রয়েছে।
মন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো ‘সিদ্ধান্ত গৃহীত হয়নি’। এ বিষয়ে অপতথ্য প্রচার না করার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে—এমন খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভার কার্যবিবরণীর নথিতে ভিন্ন তথ্যের উল্লেখ রয়েছে। ওই নথি অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সরাসরি সুপারিশ ব্যবস্থা বাতিল করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ফলে শিক্ষক নিয়োগ পদ্ধতি নিয়ে নতুন করে যে আলোচনা তৈরি হয়েছে, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও পরবর্তী নির্দেশনার দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।
প্রতিবেদকের নাম 



















