
বিদেশ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিরাপত্তায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সাধারণ যাত্রীবাহী বিমান বা আয়োজক দেশের গাড়ির পরিবর্তে তার জন্য থাকে বিশেষভাবে প্রস্তুত করা রাষ্ট্রীয় বিমান ও সাঁজোয়া লিমোজিন। অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তির পাশাপাশি এসব যানবাহনে রয়েছে এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থাও।
ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর শি জিনপিংয়ের সফরকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে তার ব্যবহৃত বিশেষ বিমান ও গাড়ির নানা সুবিধা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিদেশ সফরে শি জিনপিং যে বিশেষ বিমান ব্যবহার করেন, সেটি এয়ার চায়না পরিচালিত একটি পরিবর্তিত বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল।
বিমানটি ২০১৪ সালের শেষ দিকে বাণিজ্যিক যাত্রী পরিবহনে যুক্ত হয়েছিল। পরে ২০১৫ সালের মে মাসে সেটিকে বাণিজ্যিক ব্যবহারের পরিবর্তে ভিআইপি পরিবহনের উপযোগী করে রূপান্তর করা হয়। ২০১৬ সালে বিমানটি চীনের রাষ্ট্রীয় বিমান বহরের অংশ হয়।
এর আগে চীনের প্রেসিডেন্টের বিদেশ সফরে সাধারণ বোয়িং ৭৪৭-৪০০ বিমান সাময়িকভাবে রূপান্তর করে ব্যবহার করা হতো। সফর শেষে সেগুলো আবার বাণিজ্যিক কাজে ফিরিয়ে দেওয়া হতো। বর্তমান বোয়িং ৭৪৭-৮ বিমানটি অবশ্য স্থায়ীভাবে রাষ্ট্রীয় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে।
বিশেষ এই বিমানে রয়েছে স্যাটেলাইটভিত্তিক এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে বিদেশে অবস্থান করেও প্রেসিডেন্ট চীনের সরকারি ও সামরিক কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে পারেন।
বিমানটিতে থ্রেট-ডিটেকশন সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে সুরক্ষার ব্যবস্থাও থাকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুধু নিরাপত্তা নয়, প্রেসিডেন্টের দীর্ঘ সফরকে আরামদায়ক করতে বিমানের ভেতরে রয়েছে ব্যক্তিগত নির্বাহী কক্ষ, শয়নকক্ষ এবং সম্মেলন কক্ষ।
বিমান থেকে নামার পর শি জিনপিংয়ের যাতায়াতের জন্য প্রস্তুত থাকে চীনের বিশেষ রাষ্ট্রীয় সাঁজোয়া গাড়ি হংচি এন৭০১।
‘হংচি’ শব্দের অর্থ ‘লাল পতাকা’। ১৯৫৮ সাল থেকে এই ব্র্যান্ড চীনের রাজনৈতিক নেতৃত্বের জন্য বিশেষ গাড়ি তৈরি করে আসছে। এন৭০১ সাধারণ বিলাসবহুল গাড়ি নয়; এটি দেশটির শীর্ষ নেতৃত্বের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা একটি সাঁজোয়া লিমোজিন।
শি জিনপিংয়ের মিশর, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও হংকং সফরেও এই গাড়ি ব্যবহারের তথ্য রয়েছে।
প্রায় ৫ দশমিক ৫ মিটার দীর্ঘ হংচি এন৭০১-এ রয়েছে বিশেষ বুলেটপ্রুফ কাচ, শক্তিশালী সাঁজোয়া কাঠামো এবং ২১ ইঞ্চির বিশেষ চাকা ও টায়ার।
প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি ছোটখাটো বিস্ফোরণের প্রভাব মোকাবিলায় সক্ষম। রাসায়নিক হামলার মতো পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার জন্য এতে বিশেষ এয়ার-কম্প্রেশন ব্যবস্থাও রয়েছে।
একসময় বিদেশ সফরে চীনের নেতারা সাধারণত আয়োজক দেশের সরবরাহ করা গাড়িই ব্যবহার করতেন। তবে ২০১৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ড সফরের সময় শি জিনপিং প্রথমবারের মতো নিজ দেশের হংচি গাড়ি ব্যবহার করেন।
এরপর থেকে বিদেশ সফরে তার নিজস্ব রাষ্ট্রীয় সাঁজোয়া গাড়ি ব্যবহারের বিষয়টি চীনের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার