
টালিউডের তারকা জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে ঘিরে নতুন করে আলোচনা জমেছে। দীর্ঘ এক যুগ পর আবারও সিনেমায় জুটি হয়েছেন তারা। এবার শুভশ্রীর একটি মাত্র শব্দের ক্যাপশন সেই চর্চায় নতুন মাত্রা যোগ করেছে।
একসময় দেব-শুভশ্রী জুটি একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছিলেন। পর্দার বাইরেও তাদের প্রেমের সম্পর্ক ছিল আলোচনায়। পরে সেই সম্পর্ক ভেঙে দুজনই নিজেদের জীবনে এগিয়ে যান। দীর্ঘ বিরতির পর এবার ‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে ফের একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছে তাদের।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন শুভশ্রী। ছবিগুলো ‘দেশু ৭’ সিনেমার ‘তোর শুধু তোর’ গানটির শুটিংয়ের সময় তোলা।
তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে পোস্টের ক্যাপশন। শুভশ্রী সেখানে মাত্র একটি শব্দ লিখেছেন—‘এমনি’।

দেবের ভক্তদের কাছে ‘এমনি’ শব্দটি বেশ পরিচিত। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিভিন্ন ছবির পোস্টে এই শব্দটি ক্যাপশন হিসেবে ব্যবহার করে আসছেন দেব।
এবার শুভশ্রীও একই শব্দ ব্যবহার করায় বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন ভক্তরা। অনেকেই দুজনের এই মিলকে নিছক কাকতালীয় হিসেবে দেখছেন না।
পোস্টের নিচে একজন লিখেছেন, ‘আজ এমনি পূর্ণতা পেল।’ আরেকজনের মন্তব্য, ‘দুজনই দেখি এমনি।’ কেউ আবার লিখেছেন, ‘সিঙ্গেল এমনি আর দুই দিক থেকে ডাবল এমনি, খটকা আছে!’
অন্য এক ভক্ত আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেছেন, ‘দেবের সঙ্গে বিয়ে হলে আরও ভালো হতো।’
দুই দিন আগে প্রকাশিত হয়েছে ‘তোর শুধু তোর’ গানটি। এরই মধ্যে গানটির ভিউ ১৭ লাখ ছাড়িয়েছে। এতে বোঝা যাচ্ছে, পর্দায় দেব-শুভশ্রীর পুনর্মিলন ঘিরে দর্শকদের আগ্রহ বেশ তুঙ্গে।
দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেশু ৭’ সিনেমাটির। দেব ও শুভশ্রীর পাশাপাশি এতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্থসারথি চক্রবর্তী, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকারসহ আরও অনেকে।
সিনেমাটি পরিচালনাও করেছেন দেব।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার