দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত নোটিশে অভিযোগের বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে যা বলা হয়েছে
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফখর উদ্দিন আহমেদকে ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তিনি নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে আবেদন করলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৪ অক্টোবর ২০২৫ তারিখে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়।
তবে নোটিশে অভিযোগ করা হয়, এরপরও তিনি এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিরা আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
আগেও বহিষ্কৃত হয়েছিলেন
এর আগে ভালুকায় শিল্পপ্রতিষ্ঠানকেন্দ্রিক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ ওঠার পর ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
যা বলছেন সংশ্লিষ্টরা
ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব মো. রুকুনুজ্জামান সরকার বলেন, বিষয়টি তারা জেনেছেন। তবে কী কারণে শোকজ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাদের কাছে নেই।
অন্যদিকে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, এখনো তিনি আনুষ্ঠানিকভাবে শোকজের চিঠি হাতে পাননি। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি দেখেছেন এবং চিঠি সংগ্রহের চেষ্টা করছেন।
তিনি বলেন, “দল যদি সুনির্দিষ্টভাবে আমার কাছে ব্যাখ্যা চায়, আমি অবশ্যই দেব। আমি দলের প্রতি আনুগত্যশীল। আমার এলাকায় কোনো সমস্যা নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে।”
প্রতিবেদকের নাম 




















